আমি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আমি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৩

অসমাপ্ত পড়ালেখা

... অনেক অনেক কাল আগে যখন স্কুলে পড়তাম, আব্বা নিয়মিত ভাবে আমার পড়া ধরত। ধরত মানে, হাতে ছাঁই মেখে ধরত। ফলাফল, জীবনে বহুত অপমান (পড়ুন মাইর) নিশ্চুপ ভাবে হজম করতে হইছে। তখন আব্বা বলত, "ওরে গাধা, এখন ভাল কইরা পড়, কলেজে উঠলে কি আর এরকম পড়া আছে নাকি ?" ... পড়া বিষয়ক ব্যপারে মাইর খাইতাম বইলা আবার কেউ মনে কইরেন না আমি ছাত্র খারাপ ছিলাম। স্কুলে রোল মুটামুটি "এক" ই থাকত অধিকাংশ সময়ে ... কোন কারনে না থাকলে, সেটা কোন ভাবেই "তিন" এর বাইরে যাইতো না।

সে যাকগা, এরপরের কথায় আসি। স্কুলের পরে কলেজ লাইফে ঢুকলাম। নটরডেম কলেজে ভর্তি হইছি তখন। খুব আনন্দ আনন্দ ভাব নিয়ে কলেজ শুরু করে আমি বুঝলাম, আমি "ছোট্ট জাহান্নাম" পারি দিয়ে "বড় জাহান্নামে" পরছি। এই ক্লাশ, এই কুইজ, এই ল্যাব ... হায় হুতাশ করতে করতেই কলেজ লাইফ পার করে দিলাম। সে যাই হোক ... মানুষ কিন্তু আমাকে এইদফাও বুঝালো। "ওই যে দেখ, তোর বড় ভাইয়েরা(কাজিন বিশেষ) ইউনিভার্সিটিতে পড়ে, কি করে তারা ? এই টিউশনী করে, টাকা ইনকাম করে, ঘুড়েফিরে, খায় দায় ... এইটাই হইল ইউনিভার্সিটির লাইফ", সবার মুখে মুখে আমি এটাই শুনে আসছিলাম।

ঢাকা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হইলাম। এইদফা কি দেখলাম ? "চাইলে পড়ালেখা না করেও থাকা যায়, কিন্তু তাইলে পরে চাকুরী পাইতে কষ্ট হইবে, কিন্তু এখন সামান্য (উহা কোনভাবেই সামান্য ছিল না !!) পড়াশুনা এনে দিতে পারে নিশ্চিত ভবিষ্যৎ" ... সেই ভবিষ্যৎ এর পিছনে দৌড়ানোর জন্য আমি কি করেছিলাম, এখন ভুলে গেছি। কিন্তু আমি জানি, আমি এই চারটা বছরে কোন দিকে তাকাই নাই। মানুষ যখন নানা ভাবে লাইফকে কম্পেক্স করে গিয়েছে (পড়ুন নানা ভাবে প্রেমে পড়েছে), নানা যায়গায় ঘুরে বেড়িয়েছে, বাবা মায়ের টাকায় (কারো কারো ক্ষেত্রে নিজের টাকায়) নানা যায়গার খাবার খেয়ে রসিয়ে রসিয়ে গল্প করেছে ... তখন আমি চোখ মুখ বন্ধ করে, কোড করে গিয়েছি। আমি আমার সীমাবদ্ধতা খুব ভালমত জানতাম ... সেই সকল সীমাবদ্ধতা দূর করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছি এই সময়টাতে। তবুও যদি ভবিষ্যৎটা মনের মত করা যায়, এই আশাতে।

পড়ালেখা শেষ। অনার্স ফাইনাল পরীক্ষাও শেষ, চাকুরীতে জয়েনও করে ফেলছি। এখন আমি কি দেখছি ? পড়ার এখনো অনেক কিছু আছে, জানার এখনো অনেক কিছু আছে (আমি অবশ্য কখনোই মনে করি নাই যে আমি সব জেনে ফেলছি) ... সেটাও না হয় মানলাম। সামান্য একটুখানি কোড করতে হলেও এখন মোটা মোটা সব বই পড়তে হয়। থেরাপে জয়েন করার পর থেকে আমি মুটামুটি ৪/৫ টা বই পড়ে ফেলছি (এরমধ্যে পড়া শেষ না হলেও, সামনের কয়েক দিনের মধ্যেই করে ফেলতে হবে) এর মধ্যেই। শুধু কি তাই ? আমি নিজেই বুঝতেছি, সফটওয়ার ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চাইলে ... আমাকে অনবরত পড়তেই হবে। এই পড়ালেখা হয়ত আসলে সেই অর্থে গতানুগতিক পড়ালেখা নয়, তবে ব্যাপারটা ডাক্তারদের ডাক্তারী পাশ করার পরের পড়াশুনার মতই অনেকটা। আপনাকে প্রতিযোগীতার বাজারে টিকে থাকতে হলে নিত্য নতুন টেকনোলজীর সাথে নিজেকে ইন্টিগ্রেট করে নিতে হবেই। অনেকটা মেটা-পড়ালেখা, মানে পড়ালেখার পড়ালেখা ! (একটুখানি চান্স পাইলাম, নিজেকে জাহির করে দিলাম যে আমি অনেক কিছু জানি :P কোন শব্দের শুরুতে Meta শব্দটি প্রিফিক্স আকারে থাকার মানে হচ্ছে, ওই প্রধান শব্দটি যেটাকে রিপ্রেজেন্ট করে সেটার একটা অ্যাবস্ট্রাকশন অন্য একটি পার্সপেক্টিভ থেকে। একটা উদাহরন দিলে পরিষ্কার হবে আশা করি। ধরুন, Data শব্দটির অর্থ হল তথ্য। Metadata এর মানে হল, তথ্যের সংক্রান্ত তথ্য। এই ব্যাপারে আরো ডিটেইলস জানতে উইকির পেজটাতে ঢু মারতে পারেন।)

যাই হোক, আগের প্রসঙ্গে আসি। আমি জানতে চাই, এই পড়ালেখার শেষ কোথায়? এর মধ্যে কোনভাবে বাইরে পড়াশুনা করতে যাওয়া লাগলে ... কবে নাগাদ মুক্তি পাব, সেই প্রশ্ন নিজেকে করতেই ভয় হচ্ছে। :( যদি এইই ছিল আমার জীবনে, তাহলে কেন আমাকে মিছামিছি আশা দেখিয়েছিল সেই ছোট্টো বেলায় সবাই ? জাতির বিবেকের কাছে এই প্রশ্ন থাকলো ! :P

জয় হোক পড়াশুনার। :(

সোমবার, ১৯ আগস্ট, ২০১৩

নত-মস্তকে নৃত্যাগত !



অনেক অনেক আগের কথা। আমদের মাত্র ফার্ষ্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ হইছে। এমন সময় ডিপার্টমেন্টের পিকনিকে গেছিলাম বুড়িগঙ্গার বুকে। ছোট-খাট একটা লঞ্চ ভ্রমন টাইপের ব্যাপার, আরকি। পটুয়াখালীতে দেশের বাড়ি আমার। "লঞ্চ ভ্রমন" আমার কাছে পাত্তা পাওয়ার মত কোন ব্যাপার ছিল না। বন্ধু-বান্ধবের প্রবল আগ্রহে গেলাম সেই "রিভার ক্রুজে"।

তো সেই "আনন্দময় নৌ ভ্রমনে" চিত্তবিনোদনের অনেকগুলি অনুষ্ঠান ছিল যার একটা পর্ব ছিল অনেকটা এরকম ... একটা বক্সের অনেক গুলি লেয়ার থাকে, বক্সের মধ্যে বক্স আরকি। একজন এসে তার লেয়ারে যা বলা আছে সেটা পারফর্ম করে দেখাবে। এরপরে বক্সটি কার কাছে যাবে সেটির একটা হিন্ট দেওয়া থাকবে, সেই অনুসারে সে বক্সটা কোন একজনকে পাস করে দিবে। এই সেগমেন্টের একটা পর্যায়ে শ্রদ্ধেয় আহসান রাজা চৌধুরী স্যার আসেন। স্যারের পরে কার কাছে বক্সটি যাবে সেটির হিন্ট ছিল এরকম, "স্যার এমন কাউকে যেন বক্সটি দেয়, যার সাথে স্যারের অনেক মিল আছে।" স্বাস্থ্যগত আকার আকৃতিতে স্যারের সাথে আমার অনেক মিল থাকার কারনে আমাদের ক্লাশের পোলাপাইনরা আমার নাম ধরে কতক্ষন চিল্লালো। তখনও স্যার আমাদেরকে অতটা ভালভাবে চিনতেন না, কারন আমাদের ফার্ষ্ট ইয়ারে স্যার কোন ক্লাশ পাননি, আর সেকেন্ড ইয়ারের পরীক্ষা তখনো শুরু হয়নি। তো স্যার সবাইকে বলল, "রকিব কে আমি তো তা চিনি না, তবে আমি মনে করি আমার সাথে আশিসের (স্যার) অনেক মিল আছে।" এই বলে ফারহান স্যার বক্সটি আশিস স্যারকে দিলেন। আশিস স্যার আসলেন, এবং তাকেও কি যেন একটা পারফর্ম করতে হয়েছিল। এরপর বক্সটি কার কাছে যাবে সেটার জন্য সূত্র ছিল অনেকটা এরকম, "আপনি কাকে CSEDU-র সিক্স প্যাক মনে করেন?" ... এই দফা কি পোলাপাইন আর ছাড়ে? তারা আগেরবারের ব্যার্থতা (ফারহান স্যারের সময় প্রথমবারে যে উদ্যোগ নিয়েছিল) ভুলে নতুন উদ্যোমে "রকিব ! রকিব !" বলে চিল্লাচিল্লি শুরু করে। তো "আশিস স্যারের সাথে ফারহান স্যারের অনেক মিল", ফারহান স্যারের সেই দাবিকে সত্য প্রমানিত করার জন্যই হোক, আর ছেলেমেয়েদের চিল্লাচিল্লির জন্যই হোক, আশিস স্যার অনেকটাই ফারহান স্যারের মত করে বললেন, "দেখো, রকিবকে তো আমি চিনি না। তাও তোমরা যখন বলছ, রকিবই আসো তাইলে !"

পরলাম এক বিরাট ফাঁপরে ! আমি যতই পালাতে চাই পোলাপাইন আরো জোড় কইরা আমাকে সামনে আগাইয়া দেয় ! আমি জীবনে অনেক ধরনের মুসিবতে পরছি, এই ধরনের মুসিবতে আগে পরছি বলে মনে পরে না। একদল ছেলে-মেয়ে আর শ্রদ্ধেয় স্যার ম্যাডামের সামনে দুরু-দুরু বুকে সামনে গেলাম। কি করতে হবে আমাকে ? "দারদ দে ডিস্কো" নামের একখানা হিন্দি গানের সাথে আমাকে নাচতে হবে ! "OMG!" মানে "ও মা গো" ! ইহা কিভাবে সম্ভব ? আমি ইনফ্যাক্ট এই গানটি আগে শুনিও নাই, দেখা তো পরের কথা। কিন্তু তাও ... সবার অত্যাধিক আগ্রহকে অগ্রাহ্য করিতে না পারিয়া শেষ পর্যন্ত আমি শুরু করিলাম, যা শুরু করিয়াছিলাম সেটাই আছে এই ভিডিওটিতে। শ্রদ্ধেয় সকল স্যার ম্যাডামের সামনে ইহা আমি কি করিয়াছিলাম, সেটা ভাবতেই আজকেও আমার লজ্জা লাগছে ! কি আজব না ... সময় গুলি সব চলে গেল। কি মজার না ছিল সেই দিনগুলি ! :(

বিঃদ্রঃ ভিডিওটিতে অনেকে আমার মাথা নিচু করে থাকাটা নিয়ে প্রশ্ন তুলতে পারনে। কারো মনে প্রশ্ন আসতেই পারে, আমি কি তবে নাচতে নেমে ঘোমটা দিয়েছিলাম কিনা ... তাদের ভুলটা ভেঙ্গে দেই। আসলে আমার মাথা লঞ্চের ছাদে বাড়ি খেতে পারত। তাই মাথা নিচু করে নেচেছিলাম ! :P

রবিবার, ৫ মে, ২০১৩

হাউজ নাম্বার ১০ এর ১ – বি, আরামবাগ(পর্ব - ১)


আমি যেই বাসায় থাকি, সেই বাসার গল্প লিখবো ভাবছিলাম অনেক দিন ধরে। লেখা আর হচ্ছিল না। কয়েকদিন আগে আমার এক হাউজমেট বাদল ভাই অন্যত্র চলে গেলেন। তখনই মূলত মাথায় আসে এই গল্পটি। আমি ঢাকার এসেছি সেই ২০০৫ সালে। তখন থেকে এই ২০১৩ পর্যন্ত এই একই বাসায় আছি। এর মধ্যে কত কত মানুষ আসল(হাউজমেট), আবার চলেও গেল। সেই সব মানুষদের সাথের স্মৃতিকথার গল্পই এটি। সব গল্পের শুরু থাকে একটা, যেখান থেকে শুরু হয় একটি পথচলার। তেমনি শুরু থেকেই শুরু হোক তবে …


কোন এক রৌদ্রজ্জল সকালে আমি আর আমার বন্ধু সালাউদ্দিন শুভ নিজ নিজ বাবার সহিত ঢাকা এসেছিলাম। উদ্দেশ্য উচ্চ মাধ্যমিকে ঢাকার কোন কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করা।আর এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বিধেয় ছিল একটা ঠিকানা - ১০/১/বি আরামবাগ, মতিঝিল। সে দিনটি ছিল ৫ মে, ২০০৫। এখানে আমাদের স্কুলের একবছরের এক সিনিয়র ভাইয়া থাকতেন যিনি তখন নটরডেম কলেজে ইন্টারমিডিয়েট পড়তেন। উনার নাম সাইমুম কাওসার। অনেক খুঁজে টুজে বাসা বের করলাম। এখানে তখন ৫ জন মেস করে থাকতেন, যার মধ্যে চার জন পড়তেন নটরডেম কলেজে আর একজন ছিলেন চাকুরীজীবি। সাইমুম ভাই ছাড়া আর ছিলেন নয়ন ভাই, আদনান ভাই, সোহেল ভাই আর ওই চাকুরীজীবি ভাইয়া(নাম মনে নাই)। তখন উনাদের থেকে মন্ত্রমুদ্ধের মত শুনলাম নটরডেম কলেজের গল্প আর মনে মনে চিন্তা করছিলাম, পড়তে হলে এই কলেজেই পড়বো! আসলে আমাদের তখন মাত্র মেট্রিক পরীক্ষা শেষ হয়েছিল। আমাদের ঢাকায় আসার একমাত্র কারন ছিল শুধু খোঁজ খবর নেওয়া যেমন কিভাবে ভর্তি হতে হবে, কি কি রিকোয়ারমেন্ট আছে কোন কোন কলেজের, কোন কোন কলেজ ভাল হবে … এসব আরকি।

রেজাল্টের পর আমার মাথায় হাত, গোল্ডেন এ+ পাই নাই। ঢাকায় যেরকম কম্পিটিশন শুনছিলাম, তাতে কোনই চান্স দেখছিলাম না ভাল কোন কলেজে ভর্তি হওয়ার। এর মধ্যে সরকার আবার ভর্তি পরীক্ষা নেওয়ার সিস্টেম বন্ধ করে দিয়েছে। এর যায়গায় রেজাল্টের বেসিস এ মৌখিক পরীক্ষার অনুমতি ছিল। আবার ঢাকায় আসলাম রেজাল্টের পর। মাদারটেকে মামার বাসায় উঠলাম। নটরডেম কলেজ, ঢাকা কলেজ, রাইফেলস কলেজের ভর্তি ফরম কিনলাম। ঢাকায় ভর্তির চাপ অনুভব করে বরিশালের অমৃত লাল দে কলেজেরও ফরম কিনলাম। এর মধ্যে নটরডেম কলেজে মৌখিক পরীক্ষা দিলাম। মুটামুটি ১০টার মত প্রশ্ন করেছিল পরীক্ষায় … আমি মনে হয় ৭/৮ টার অ্যান্সার দিতে পেরেছিলাম। একটু টেনশনে ছিলাম আমি তখন, মনে হয় চান্সটা হাত ফসকে গেল। টেনশনে টেনশনে কাটছিল সেই সব দিনগুলি। এক সকালে নয়া দিগন্ত পেপারে বের হল রেজাল্ট এবং সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমি নটরডেম কলেজে চান্স পেলাম। আমার মনে আছে আমাদের ক্লাশ শুরু হয়েছিল ২১শে আগষ্ট, ২০০৫ সালে। তখনও আমি মামার বাসা থেকে কলেজ করতাম। এরমধ্যেই খবর পেলাম সাইমুম ভাইয়াদের বাসার ওই চাকুরীজীবি ভাইয়া চলে গেছেন। একজনের জন্য জায়গা খালি আছে, আমি চাইলে উঠতে পারি। তখন ঢাকাতে আমার বাইরে বের হতে ইচ্ছাই করতো না। কেমন যেনো, বাইরে বের হলেই খুব ক্লান্ত লাগত। অনেক চিন্তা ভাবনার পরে স্বীদ্ধান্ত নিলাম, ওই বাসাতেই উঠে যাই … কি আছে জীবনে। শুরু হল আমার মেস জীবন এবং আমার ঠিকানা হল ১০ এর ১ – বি, আরামবাগ। দিনটি ছিল ১ সেপ্টেম্বর, ২০০৫।


রবিবার, ১৪ আগস্ট, ২০১১

আমার আমি ...

আমার ব্লগিং এর ধারনা একদম নতুন নয়। আমার অনেক বন্ধু-বান্ধবকেই দেখি ব্লগিং করতে। আমিও কিছুটা উৎসাহী ছিলাম এই ব্যাপারে। কিন্তু আমি যে পরিমান অলস ... তাই এত এত লেট হল শুরু করতে। প্রথমে প্রথম কথা বলে নেই। আমার যেহেতু লেখালেখির অভ্যাস সেই অর্থে নেই ... বলা উচিত একদমই নেই(ছোট বেলায় অনেক ট্রাই করছি ডাইরী লিখতে ... কখনোই হয়নি যেটা করা। আমি একটা ডাইরী কিনতাম, লিখতাম প্রথম দুই পাতা, ব্যাস শেষ !! কত ডায়রীর যে এরকম ধংশ হয়েছে ... আমি সঠিক সংখ্যা বলতে পারছি না।) । এদিক থেকে বলা যায়, এই লেখালেখি শুরু করার (অবশ্যই অনেক উৎসাহের সাথে) অভ্যাস অনেক পুরানো।

এই পোষ্টের শিরোনাম এবং আমার ব্লগের শিরনাম একি। এটা মনে হয় একটু ব্যাখ্যা করা দরকার। "আমার আমি" কথাটা কোন ভাবেই মৌলিক না ... কথাটার তাৎপর্য আসলে অনেক। এখন অতশত না বলে এটুকুন বলি, আমার এই পোষ্টে আমি আমার কথাই লিখব। আমার অতীত, বর্তমান এইসব ... আর ভবিষৎ এর কথা এখনই বলতে পারছি না।

আমার পুরো নাম আবদুল্লাহ আল রকিবুল ইসলাম। মাশাল্লাহ অনেক বড় নাম। জীবনে যতবার কোন ফর্ম ফিলাপ করছি, ততবার আমার এই নামের চোদ্দ গুসটি উদ্ধার করছি। আমার এই নামটাই কিন্তু একদম জন্মের সময় রাখা হয়নি। প্রথমে আমার নাম রাখা হয়েছিল আবদুল্লাহ আল মামুন। সাথে ডাক নাম রকিব। রকিব নামটা রাখা হয়েছে আম্মার নামের অদ্যাক্ষর মিলিয়ে। তো আমি যখন ক্লাশ টুতে পড়ি, তখন আব্বা অনেক শখ করে আমার নামের মামুন শব্দটা কেটে রকিবুল ইসলাম বসায়। হয়ত আব্বা মনে মনে খানিকটা ঈর্সান্বীত হয়ে এটা করছে। আই মিন, আমার নামের মধ্যে তার নামের অংশ অ্যাড হয়েছে এর মাধ্যমে।

আমি বড় হয়েছি পটুয়াখালীতে। ওখানেরই একটা স্কুল থেকে এস এস সি পরীক্ষা দিয়ে ঢাকায় এসেছি। এর পর নটরডেম থেকে ইন্টার ... শেষে ডিউতে সি এস ই তে। মাঝে অবশ্য ডিউরই ম্যাথ ডিপার্টমেন্টে ছিলাম এক বছর।

আমার আমিতে আসলে নতুন করে কিছু বলার নেই। এই ব্লগিং এর মূল উদ্দেশ্য আসলে আমাকে নিজেকে আমি কিছু সময় দিব। নিজের অতীত স্মৃতি রোমন্থোন করব। এইতো। নিজে নানান কাজে ব্যাস্ত থাকি। অনেক সময় আশে পাশের মানুষ দূরে থাক, নিজেকেই ঠিক মত সময় দিই না ... তাই নিজের জন্য কিছু সময় বের করার প্রয়াস বলা যেতে পারে এই লেখালেখিকে।

আবার ব্লগিং এর শুরুর কথায় ফিরে যাই, আমার অনেক ফ্রেন্ড ব্লগিং করে আগেই একবার বলেছি। ওদের ব্লগিং মুলত প্রগ্রামিং কন্টেষ্ট রিলেটেড। আমার ব্লগিংও ওদের মত ওই রিলেটেড হওয়ার কথা ছিল। পরে ভেবে দেখলাম, কি লাভ সব কিছুতে কন্টেষ্ট টেনে এনে। কন্টেষ্টের জন্য এমনিতেই অনেক সময় দিই। বরং ওইখান থেকে কিছুটা রিলিজ পাওয়ার মত না হয় একটা জায়গা করি। এই ব্যাপারে আমার বন্ধু মিশুকের একটা মন্তব্য খুব কাজে দিয়েছিল। ও বলছিল "কন্টেষ্টের ব্লগ করে কি করবি ? ওইগুলোর জন্য কি ব্লগের অভাব পরছে ? বরং তুই যা লিখবি, দেখবি ঐ ব্যাপারে তোর থেকে ভাল লেখা অলরেডী নেটে আছে ... এর থেকে তুই তোর ফিলসফি নিয়ে লিখ, তোর চিন্তা গুলো তাতে লিখ। এটা অনেক ভাল হয় না ?" ওর কথাটা খুব মনে ধরছিল তখন।

আমার লেখালেখির ব্যাপারে একটা কথা বলা ভাল। আমার লেখা খুব খুব খুবই ছন্নছাড়া টাইপের। এই এখন এক ব্যাপারে হয়ত লিখছি। কিছুক্ষন পরেই হয়ত প্রসঙ চেঞ্জ। আরেকটা ব্যাপার হল আমার লেখার ভাষা। অনেক কষ্টে এখানে ভাল ভাল শুদ্ধ ভাষায় লিখছি। এর পর হয়ত আমি যে ভাষায় সচ্ছন্দ বোধ করব সেটা ইউজ করব। সর্বশেষ ব্যাপার হল, আমার খুবই পছন্দের লেখক হলেন হূমাউন আহমেদ আর জাফর ইকবাল স্যার। আমার লেখায় উনাদের প্রভাব থাকার সমভাবনা তাই প্রবল।

শেষ করার আগে আমার বন্ধু পায়েলকে ধন্যবাদ দিব ব্লগিং শুরু করতে ওর ইন্সপারেশনের জন্য। ওর ইন্সপারেশান না থাকলে হয়ত অনেক কাজই করা হতনা। থ্যাঙ্কস দোস্ত।

ভাল থাকবেন।